বাসচাপায় ইজিবাইকের চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের খালিশপুর থানার বিজিবি ক্যাম্পের সামনে খুলনা-যশোর মহাসড়কে গতকাল শুক্রবার বাসচাপায় ইজিবাইকের চালক ও তিন যাত্রী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ইজিবাইকের চালক ইলিয়াস হোসেন বাবুল (৩৮), ডুমুরিয়ার আড়ংঘাটা এলাকার আজিজ গাজী (৭০), একই এলাকার সিদ্দিক মেম্বার (৬০) ও গাজী শহীদুজ্জামান শহীদ (৬১)।
পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে বিআরটিসির একটি বাস যশোরের উদ্দেশে যাচ্ছিল। বাসটি বিজিবি ক্যাম্পের প্রধান ফটকের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও তিন যাত্রী নিহত হন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশগুলো সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা। নিহত ব্যক্তিদের স্বজনেরা আহাজারি করছেন। পাশে পড়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইকটি। ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ সদস্যরা লাশগুলো একটি মিনি ট্রাকে তুলছিলেন। বাসটিকে রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যাওয়া হয়।
নয়াবাটি এলাকার বাসিন্দা হাফিজুর শেখ বলেন, ‘এই ঘটনার পুরোটাই বাসচালকের দোষ। কারণ ইজিবাইকটি তার পাশ ধরে আসছিল। হঠাৎ দেখলাম বাসটি রং লাইনে গিয়ে ইজিবাইককে চাপা দিল।’
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বাস-ইজিবাইক সংঘর্ষে চারজন মারা গেছেন। বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়েছেন।