বাসচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। গত শনিবার ফকিরহাট চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা বাসচালককে গ্রেপ্তার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ করে।
নিহত ব্যক্তিরা হলেন ফকিরহাট ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজের শিক্ষার্থী ও বাগেরহাটের চিতলমারী উপজেলার পারডুমুরিয়া গ্রামের মোনালিসা আক্তার মুন্না (১৬) ও একই উপজেলার কলিগাঁতি গ্রামের ওবায়দুল খলিফা (২৬)। মোনালিসা ওই দিন ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে যাচ্ছিল।
বাগেরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ফরাজি বলেন, গোপালগঞ্জ থেকে একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে একটি চলন্ত রিকশাভ্যান ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে একটি পানের দোকানে ঢুকে পড়ে। এতে রিকশাভ্যানের যাত্রী মোনালিসা ঘটনাস্থলেই মারা যায়। আর মোটরসাইকেলযাত্রী ওবায়দুল ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত হন আরও পাঁচজন। পরে বাসটি আটক করা হলেও চালক পালিয়ে যান।
আহত পান ব্যবসায়ী নাসির (৪০), পথচারী মিজান (৪০), মোজাফফর (৩৫) ও হোসনে আরাকে (৩৪) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ইউসুফ (২৫) নামে আরেক ব্যক্তিকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনায় মোনালিসার মৃত্যুর খবরে তার ক্ষুব্ধ সহপাঠীরা বাসচালককে গ্রেপ্তার ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে দুপুরে মহাসড়ক অবরোধ করে। এ সময় সেখানে ফকিরহাট থানার ওসি আনিছুর ও তাঁর সঙ্গে থাকা একদল পুলিশ শিক্ষার্থীদের বাধা দেন। একপর্যায়ে কয়েকজন ছাত্রী ও শিক্ষককে পুলিশ শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ উঠেছে। পরে এলাকার লোকজন ছাত্রীদের সঙ্গে যোগ দিয়ে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। তাঁরা ওসির অপসারণ দাবি করে স্লোগান দেন। বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাহিদুর রহমান দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
বাগেরহাট সদর সার্কেলের এএসপি জাহিদুর রহমান বলেন, কলেজছাত্রীর মৃত্যুর পর ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে মহাসড়কে বিক্ষোভ করতে এলে তাঁদের সঙ্গে পুলিশের ভুল বোঝাবুঝি হয়।