বাসচাপায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আজ মঙ্গলবার বাসচাপায় মারা গেছেন। সকাল সাড়ে আটটার দিকে আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের প্রবেশপথের ৯ নম্বর গেটের সামনে (বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট) এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম আলী আহমেদ আলিফ। তিনি কৃষি অনুষদের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকার বাড্ডায় থাকতেন।

বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করার উদ্দেশে বাড্ডা থেকে রওনা হন আলিফ। সকাল সাড়ে আটটার দিকে আগারগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের প্রবেশপথের ৯ নম্বর গেটের সামনে বাস থেকে নামার পর পেছন থেকে আসা একটি বাস আলিফকে ধাক্কা দেয়। এতে আলিফ গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আগারগাঁও গেটের (পাসপোর্ট অফিসের সামনে) সামনের সড়কে নেমে আসেন। তাঁরা সেখানে বেশি কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। দুপুর ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছিলেন।

শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মিজানুর রহমান প্রথম আলোকে জানান, পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত শিক্ষার্থীর জানাজা হবে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জে বিশ্বাস জানান, শিক্ষার্থীরা যতক্ষণ সড়কে থাকবেন, ততক্ষণ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশও সড়কে থাকবে।