বাসচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কে গতকাল শনিবার বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শাহজাদপুর থানার উপপরিদর্শক কংকন বিশ্বাস জানান, গতকাল সন্ধ্যায় উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সবুর আলী (৩৫) নিহত হন। নিহত অন্য আরোহীর পরিচয় জানা যায়নি। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।

তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতি মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার কুট্টাপাড়া ও পানিশ্বর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাহিদুল ইসলাম (৩০) ও মিলন মিয়াকে (২৮) কুট্টাপাড়া থেকে এবং লিটন মিয়াকে (৩৫) পানিশ্বর থেকে গ্রেপ্তার করা হয়। সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী জানান, তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।

জোরালগঞ্জ থানা

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরালগঞ্জে উপজেলার দ্বিতীয় থানার উদ্বোধন হচ্ছে আজ রোববার। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, বারইয়ারহাট পৌরসভার চিনকি আস্তানা এলাকায় একটি ভাড়া ভবনে জোরালগঞ্জ থানার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই থানার অধীনে আটটি ইউনিয়ন ও বারইয়ারহাট পৌরসভা থাকবে। ইউনিয়নগুলো হলো করেরহাট, হিংগুলী, জোরালগঞ্জ, ধুম, ওচমানপুর, ইছাখালী, কাটাছরা ও দুর্গাপুর। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।

সাময়িক বরখাস্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী কামাল হোসেন হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. ইকবালকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে কামাল হোসেন হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ইকবালকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল তিন দিন রিমান্ডের আবেদন করে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত তাঁর তিন দিন রিমান্ড মঞ্জুর করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।: