দুর্ঘটনার পর একটি বাসকে থামানোর সংকেত দিয়েছিলেন হাইওয়ে পুলিশের এক সদস্য (কনস্টেবল)। কিন্তু চালক উল্টো ওই পুলিশ সদস্য ও এক রিকশাচালকের ওপর বাস উঠিয়ে দেন। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান দুজন। আহত হয়েছেন আরও তিনজন। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ঢাকার আশুলিয়ার নবীনগরে ঢাকা-আরিচা ও নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের সংযোগস্থলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাভার হাইওয়ে থানার পুলিশের সদস্য সোহরাব হাসান (৫০) ও রিকশাচালক মিজানুর রহমান (২৩)। সোহরাব টাঙ্গাইল সদর উপজেলার পাঁচ বেশইল গ্রামের রজব আলীর ছেলে। মিজান নীলফামারীর জলঢাকা উপজেলার নজুমুদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, ঘটনার পরপরই পুলিশ বাসসহ চালক আবদুল করিমকে (৪০) আটক করে। তাঁর বিরুদ্ধে দুর্ঘটনাজনিত হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাস গতকাল বেলা একটার দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যক্তিগত গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সোহরাব বাসটিকে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত না মেনে সোহরাবকে চাপা দিয়ে বাসটি একটি রিকশার ওপর তুলে দেন। এতে সোহরাব, মিজান ও রিকশার তিন যাত্রী আহত হন।
বাসস্ট্যান্ডে কর্তব্যরত পুলিশসহ স্থানীয় লোকজন সোহরাবকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইস) এবং মিজানকে নবীনগরে গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বুধবার ঢাকার ধামরাই উপজেলার ইসলামপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় একই পরিবারের চার সদস্য ও অটোরিকশার এক চালক নিহত হন। এর আগের দিন মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় পুলিশ সদস্য হাবিবুর রহমান (৫৫) নিহত হন।