বাসচাপায় প্রাণ গেল নারী পোশাকশ্রমিকের
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নারী শ্রমিক ডিইপিজেড এলাকায় ইয়াংওয়ান নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাঁর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক-তদন্ত (ইন্সপেক্টর) আজাহারুল ইসলাম বলেন, আজ সকালে ডিইপিজেড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই নারী পোশাকশ্রমিককে একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর উত্তেজিত শ্রমিকেরা তাঁকে চাপা দেওয়া বাসটিতে আগুন ধরিয়ে দেন। তাঁরা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দেয়।
পরিদর্শক আজাহারুল ইসলাম বলেন, ওই নারীর লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।