বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সড়ক দুর্ঘটনা। এবার রাজধানীর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল মা মাহিনুর আক্তার (৩২) ও মেয়ে জামিলার (৯)। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পুলিশ বাস ও চালক মিজানুর রহমানকে (২৮) আটক করেছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বাড্ডার মেরুল এলাকার এশিয়ান হাসপাতালের সামনে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাহিনুর। এ সময় তুরাগ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-১১৬৮) তাঁদের চাপা দেয়। স্থানীয় লোকজন বাসটি আটক করে চালক মিজানকে পিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া পুলিশ নিহত মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মাহিনুর মেয়েকে নিয়ে ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কের ৪৬ নম্বর বাসায় থাকতেন। তাঁর স্বামীর নাম জসিম উদ্দিন। বাইরে কোথাও থেকে তাঁরা বাসায় ফিরছিলেন বলে পুলিশ ধারণা করছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাস ও চালককে আটক করা হয়েছে।