বাসচাপায় ব্যবসায়ী নিহত, অবরোধ-ভাঙচুর
পুরান ঢাকার চকবাজারসংলগ্ন বেড়িবাঁধ সড়কের আলীঘাট এলাকায় গতকাল মঙ্গলবার সকালে বাসচাপায় আরিফ হোসেন (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আরিফ হোসেন ইট-বালুর ব্যবসায়ী।
এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সকাল সাতটা থেকে বেলা ১১টা পর্যন্ত বেড়িবাঁধ সড়ক অবরোধ করে রাখে। তারা এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে ব্যবসায়ী আরিফ হোসেন হেঁটে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা জানজাবিল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় আশপাশের লোকজন ওই বাসটি আটক করে ভাঙচুর করে। ব্যবসায়ীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বেড়িবাঁধ সড়কটি অবরোধ করে রাখে। তারা আরও কয়েকটি গাড়িও ভাঙচুর করে। বিক্ষুব্ধ লোকজন দফায় দফায় বিক্ষোভ করে। বেলা ১১টা পর্যন্ত এ অবস্থা চলে। এতে সড়কের দুই দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে চালক ও তার সহকারীকে গ্রেপ্তার ও শাস্তির আশ্বাস দিলে স্থানীয় লোকজন রাস্তা ছেড়ে চলে যায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চালক ও তার সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ব্যবসায়ীর লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও দুজনের অস্বাভাবিক মৃত্যু: গতকাল সকাল নয়টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকায় একটি বাড়ির সাততলায় কাজ করার সময় হান্নান মিয়া (২৮) নামের এক নির্মাণশ্রমিক পা ফসকে নিচে পড়ে যান। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা তিনটার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (৪০) নামের একটি বেকারির শ্রমিক মারা যান। বিকেল চারটার দিকে মিন্টু মিয়া ডেমরা বাজারে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যান। সংজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।