বাসচাপায় শ্রমিকের মৃত্যু, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবিটি আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তিপরদি এলাকা থেকে তোলা। ছবি: মনিরুজ্জামান
বাসচাপায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে পোশাক শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবিটি আজ সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তিপরদি এলাকা থেকে তোলা। ছবি: মনিরুজ্জামান

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার তিপরদি এলাকায় আজ শনিবার বাসচাপায় একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শ্রমিকেরা। সকাল সাড়ে সাতটা থেকে চলা এই অবরোধে মহাসড়কে কয়েক হাজার যানবাহন আটকে পড়েছে। 
নিহত শ্রমিক আমান হাওলাদার (১৯) চৈতি কম্পোজিট নামের একটি পোশাক কারখানায় প্রিন্টিংয়ের কাজ করতেন। ঝালকাঠির নলছিটি উপজেলায় তাঁর বাড়ি। রাস্তা পার হওয়ার সময় ঢাকা-সোনারগাঁ রুটের ‘স্বদেশ পরিবহন’ নামের একটি বাস তাঁকে চাপা দেয়। 
সরেজমিনে দেখা যায়, চৈতি কম্পোজিটের শ্রমিকেরা মহাসড়কের ওপর লাশ রেখে বিক্ষোভ করছেন। তাঁরা চাপা দেওয়া বাস ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন। অন্তত ২৫টি যানবাহনে ভাঙচুর করা হয়। সকাল থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। 
নুরুল ইসলাম নামের এক শ্রমিকের দাবি, কিছুদিন পর পর সড়ক দুর্ঘটনায় তাঁদের শ্রমিক মারা যান। কিন্তু কোনো বিচার হয় না। নিহত শ্রমিকের পরিবার কোনো ক্ষতিপূরণ পায় না। এ কারণে তাঁরা অবরোধ করেছেন। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শ্রমিক নিহত হওয়ার পর থেকে ক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাঁদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি চালানো হয়েছে। অতিরিক্ত পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১১টা পর্যন্ত মহাসড়কটি অবরুদ্ধ রয়েছে।