বাসচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে আজ শনিবার যাত্রীবাহী একটি বাস ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে পাঁচজন। ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন ইজিবাইকের চালক মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের জয়ধর আলীর ছেলে জিয়াউর রহমান (২৮), হবিগঞ্জ সদর উপজেলার নিশাপট গ্রামের সমুজ আলীর ছেলে শাহ আলম বুলবুল (৪০) ও বাহুবল উপজেলার তুগলি গ্রামের কাজল করের ছেলে বিনোদ কর (৪০)। শেষের দুজন ইজিবাইকের যাত্রী ছিলেন। আহত ব্যক্তিদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে আটজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইক ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে শায়েস্তাগঞ্জ থেকে একই উপজেলার ওলিপুর যাচ্ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী রূপসী বাংলা নামের একটি বাস এই ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জিয়াউর রহমান, শাহ আলম বুলবুল ও বিনোদ করকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজুল ইসলাম জানান, এ ঘটনায় গুরুতর আহত দিলারা বেগম (৩০) ও তাজুল ইসলামকে (৪০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালেহা বেগম (৩৫), তাঁর দুই সন্তান রাকিব খন্দকারকে (১০) ও সাদেক খন্দকারকে (৩) ও হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।