বাসচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলায় বাসের চাপায় একই পরিবারের তিনজনসহ চার ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন নয় জন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘আরবি ট্রাভেলস’ নামের পরিবহনের একটি বাস বিকেল সাড়ে পাঁচটার দিকে ফকিরের তকেয়া বাজার এলাকায় দুটি নছিমন ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কাশিনাথ ঝাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (৬৫) এবং একই ইউনিয়নের রামদাশ গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (২০) মারা যান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরিদার শ্বশুর নুরুজ্জামান আহম্মেদ (৬২) মারা যান। এ দুর্ঘটনায় আহত অন্য হন ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁদের মধ্যে ফরিদা বেগমের স্বামী জাহেদুল ইসলাম (৩০) এবং এক নারীকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রাত সোয়া নয়টার দিকে সেখানে জাহেদুল ইসলাম মারা যান।
পঞ্চগ্রাম ইউনিয়নের রমাকান্ত গ্রামের জহির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন এবং মহেন্দ্রনগর ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে মো. লাভলু মিয়াকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে রামদাশ গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন নছিমন ও অটোরিকশাকে চাপা দেওয়া বাসটি আটক করে। দুর্ঘটনার পরপরই এর প্রতিবাদে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুই ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম (আরকে রোড) মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।