বাসচাপায় এক পা হারালেন বুয়েটছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসের চাপায় এক পা হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রী শাম্মা নাসরিন। গতকাল রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের উল্টো দিকে তিনি দুর্ঘটনার শিকার হন।শাম্মা ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল মধ্যরাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাঁর বাঁ পা হাঁটুর নিচ থেকে কেটে বাদ দেন বলে জানান তাঁর বন্ধুরা। বন্ধুরা জানান, প্রায় দেড় ঘণ্টার অস্ত্রোপচারের পর রাত সাড়ে ১২টার দিকে তাঁকে অস্ত্রোপচার-পরবর্তী কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর ডান পায়ের আঘাতও গুরুতর।শাম্মার মা সালমা হোসেন প্রথম আলোকে বলেন, বিকেল সোয়া চারটার দিকে বুয়েট থেকে রিকশায় প্রেসক্লাবের সামনে আসেন শাম্মা। তাঁদের বাসা বনশ্রীতে। এরপর শাম্মা মতিঝিলে যাওয়ার জন্য রাজা সিটি পরিবহনের বাসে ওঠার চেষ্টা করেন। পরিকল্পনা ছিল, মতিঝিল থেকে তিনি বনশ্রীর বাস ধরবেন। ওঠার সময় তিনি পা পিছলে পড়ে গেলে বাসটি তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করে। পথচারী আসমা বেগম শাম্মাকে রিকশায় করে বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।আসমা বেগম বলেন, প্রেসক্লাবের উল্টো দিকে পল্টনমুখী বাসটিতে শাম্মাসহ বেশ কয়েকজন ওঠার চেষ্টা করছিলেন। এ সময়ই বাসটি চলতে শুরু করলে শাম্মা ঝাঁকিতে পড়ে যান। তখন তাঁর দুই পায়ের ওপর দিয়ে চলে যায় বাসের পেছনের চাকা।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, শাম্মাকে রক্ত দেওয়া হচ্ছে। তাঁর ‘ও নেগেটিভ’ রক্ত জোগাড় করতে সহপাঠীরা ছুটোছুটি করছেন। আর শিক্ষক ও স্বজনেরা বারবার চিকিৎসকের সঙ্গে কথা বলছেন, জানতে চাইছেন কিছু করা যায় কি না। আর পর্যবেক্ষণকক্ষে চেতনানাশকের ঘোর কাটিয়ে মাঝে মাঝেই চোখ মেলে আশপাশের মুখগুলো দেখছিলেন শাম্মা।সন্ধ্যায় পঙ্গু হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা প্রথম আলোকে বলেন, মেয়েটির বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত ভেঙে-থেঁতলে রক্ত-মাংস-চামড়া একাকার হয়ে গেছে। আর ডান পায়ের অবস্থাও ভালো নয়।শাম্মার বাবা শাহজাহান হোসেন গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক। দুই ভাইবোনের মধ্যে শাম্মা ছোট।পুলিশ ওই বাসটি এবং চালক ফারুককে আটক করেছে বলে জানিয়েছেন শাহবাগ থানার উপপরিদর্শক আবু জাফর।গত বছরের ২৮ ডিসেম্বর একই স্থানে বাসচাপায় পা হারান সাংবাদিক নিখিল ভদ্র।