বাসচাপায় এক ব্যক্তি নিহত, মহাসড়ক অবরোধ
ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের নগরকান্দা উপজেলার গজারিয়া এলাকায় গত বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সড়ক দুর্ঘটনায় খবির মাতুব্বর (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চরযশোরদী ইউনিয়নের গজারিয়া গ্রামে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গতিরোধক নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় একটি অ্যাম্বুলেন্সসহ কয়েকটি গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। দুই ঘণ্টা পর রাত সাড়ে সাতটার দিকে নগরকান্দা থানার পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতারা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ব্যক্তিরা অবরোধ তুলে নেন।এলাকাবাসী জানান, খবির মাতুব্বর রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী সোহেল পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ করিম বলেন, ওই এলাকায় একটি গতিরোধক নির্মাণের জন্য এলাকাবাসীর দাবি দীর্ঘদিনের।