বাসচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বাসের চাপায় চালকসহ সিএনজিচালিত একটি অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চালক বাদে হতাহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।
এদিকে গত বৃহস্পতিবার রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমগঞ্জ বাজারে একটি ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুই শিশুসন্তানসহ এক বাবা নিহত হন।
পটিয়া থানা-পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পটিয়ার কেলিশহর এলাকার বাসিন্দা দুই ভাই কাঞ্চন ও অঞ্জনের পরিবারের আটজন সদস্য গাদাগাদি করে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাঁশখালীতে কাঞ্চনের শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়ার মনসা চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি বাস অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়।
ঘটনাস্থলেই মারা যায় কাঞ্চনের ছেলে কাঁকন সেন (৫), ও ভাতিজা মিলটন সেন (৩০)। অন্য সবাই আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অঞ্জনের ছেলে অনিক সেন (৭) ও চালক সাইফুল ইসলামকে (২৫) মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জনের স্ত্রী রূপনা সেন (২৫) মারা যান। পরে আহত কাঞ্চন সেন (৪০), অঞ্জন সেন (৩৬), কাঞ্চনের স্ত্রী অনামিকা সেন (২৫) ও অঞ্জনের ছেলে আপন সেনকে (৮) চট্টগ্রামের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অটোরিকশার চালক সাইফুলের বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়। কাঞ্চন, অঞ্জন ও মিলটন মধ্যপ্রাচ্যে থাকেন। কিছুদিন আগে তাঁরা দেশে আসেন।
পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে এই অটোরিকশাটি মহাসড়কে চলছিল। মনসা এলাকায় বিপরীত দিক থেকে একটি বাস সেটিকে ধাক্কা দেয়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহাসড়ক (হাইওয়ে) পুলিশ জানায়, সিলেটের ওসমানীনগর উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা আরজু মিয়া (৫৫) তাঁর দুই সন্তান কাইয়ূম মিয়া (৯) ও শহিদ মিয়াকে (১২) নিয়ে বেগমগঞ্জ বাজারে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। দুই সন্তানকে চিকিৎসককে দেখিয়ে বাড়িতে ফেরার জন্য বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশায় ওঠেন আরজু মিয়া। এ সময় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। অটোরিকশার চালক যানটির বাইরে অবস্থান করায় তিনি বেঁচে যান।
মহাসড়ক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরুন্নবী জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়েছে। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। রাতেই ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।