বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বাগেরহাটে যাত্রীবাহী একটি বাস ইঞ্জিনচালিত ভ্যানকে (নছিমন) ধাক্কা দিলে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছে দুটি শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাগেরহাট সদর উপজেলার নছিমনচালক আজাদ শেখ (৪০), আজাদের স্ত্রী শিখা বেগম (৩৫) এবং তাঁদের মেয়ের দুই সন্তান রাজু (১৩) ও তামান্না আক্তার (৮)।
এ সময় ওই নছিমনে থাকা বারুইপাড়া এলাকার মাছ ব্যবসায়ী হাসিবুর রহমান (২৯) ও নিহত শিশুদের ভাই রনি (১০) আহত হয়। তাদের প্রথমে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজাদ শেখ তাঁর নছিমনে স্ত্রী, মেয়ে ও মেয়ের তিন ছেলেমেয়েকে নিয়ে ফকিরহাটে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে হাসিবুর রহমান ওই নছিমনে ওঠেন। নছিমনটি কাকডাঙ্গা এলাকায় এলে ঢাকার দিকে যাওয়া একটি বাস তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কমফোর্ট’ নামের একটি দূরপাল্লার বাস ঘটনাস্থলে এলে পার্শ্ব সড়ক থেকে একটি নছিমন সড়কে উঠে পড়ে। বাসচালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে নছিমনটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই চারজন মারা যান। পরে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে বাসটি চালকসহ আটক করা হয়েছে।