বাসচাপায় একজন নিহত, বাসে আগুন, চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল মঙ্গলবার যাত্রীবাহী বাসের চাপায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। একই দিন সদর উপজেলায় চন্দ্রা-নবীনগর সড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

কালিয়াকৈরে নিহত ব্যক্তির নাম সালেক মিয়া (৪০)। তিনি সফিপুরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। নিশ্চিন্তপুর এলাকায় তাঁর ওষুধের দোকান রয়েছে।

এলাকাবাসী ও মহাসড়ক পুলিশ সূত্র জানায়, সালেক মিয়া গতকাল সকালে মোটরসাইকেলে করে মেয়েকে স্কুলে নিয়ে যান। ফেরার পথে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় দোকানপার নামক স্থানে পৌঁছান। সেখানে বিপরীত দিক থেকে আসা জনতা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনি বাসের চাকার নিচে চলে যান। এ সময় ঘটনাস্থালেই তিনি মারা যান। চালক বাস ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলের পাশে একটি বাড়ি থেকে চালককে গ্রেপ্তার
করে। তাঁর নাম লিটন মিয়া (৪২)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুর্ঘটনার পর আশপাশের লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাসটির বেশির ভাগ অংশই পুড়ে যায়। উত্তেজিত লোকজন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে চলাচলরত ১৫-১৬টি যানবাহন ভাঙচুর করে। এ সময় আশপাশের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানা ও মৌচাক ফাঁড়ির পুলিশ গিয়ে বাসের আগুন নেভায় এবং এলাকাবাসীকে বুঝিয়ে শান্ত করেন।