বাসচাপায় গৃহবধূ নিহত
রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় গতকাল শুক্রবার সকালে বাসচাপায় রুনা বেগম (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, নিহত রুনা স্বামীর সঙ্গে কেরানীগঞ্জের কুশিয়ারাবাদ এলাকায় থাকতেন। গতকাল সকাল নয়টার দিকে তিনি কুশিয়ারাবাদ থেকে ভ্যানযোগে ভুলতা গাউছিয়া এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। ওই ভ্যানে আরও কয়েকজন যাত্রী ছিলেন। ভ্যানটি বাবুবাজারে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে উঠলে গুলিস্তান-মাওয়া রুটে চলাচলকারী গাংচিল পরিবহনের একটি বাস ভ্যানটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে বাস ও সেতুর রেলিংয়ের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান রুনা। ভ্যানের চালক ও অন্যান্য যাত্রী আহত হন বলে জানা গেছে। এসআই আরও জানান, ঘটনার পর পুলিশ বাসসহ চালক ইকবালকে আটক করেছে। এ ব্যাপারে নিহত রুনার স্বামী মো. সেলিম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সূত্র জানায়, নিহত রুনার দুই সন্তান রয়েছে। তাঁর বাবার নাম শের আলী।