বাসচাপায় ছাত্রী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাসের চাপায় আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সুবর্ণা মজুমদারকে (১৯) এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সুবর্ণা ওই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল সাড়ে নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বেলা আড়াইটা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি অব্যাহত থাকে। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুবর্ণা সকালে বাগেরহাট জেলার চিতলমারীর গ্রামের বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢোকার সময় বিশ্ববিদ্যালয়ের একটি বাস তাঁকে চাপা দেয়। এর ফলে ওই ছাত্রীর এক পাশসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। শিক্ষার্থীরা আহত সুবর্ণাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নূর উদ্দীন আহমেদ বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাসচালককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এ ছাড়া গতকাল রোববারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। তিনি বলেন, আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠানো হয়েছে। তাঁর চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় বহন করবে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের সামনে একটি গতিরোধক নির্মাণ, ওই চালককে স্থায়ীভাবে বহিষ্কার এবং বাসটি পরিত্যক্ত ঘোষণা করতে হবে। এ তিনটি দাবিতে শিক্ষার্থীরা তিন দিন ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। তিন দিনের মধ্যে দাবিগুলো পূরণ না করা হলে পরবর্তী সময়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।