বাসচাপায় ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলায় বাসের চাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় দুটি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল বুধবার ফেনী-পরশুরাম সড়কে উপজেলার চিথলিয়া এলাকায় তারা ওই কর্মসূচি পালন করে। গত মঙ্গলবার ওই সড়কে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আসমা আক্তার বাসের চাপায় নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ও দুর্ঘটনার জন্য দায়ী বাসচালকের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বেলা ১১টায় চিথলিয়া নাসির উদ্দিন উচ্চবিদ্যালয় ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী ওই সড়কে মানববন্ধন করে। এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে বক্তব্য দেন চিথলিয়া নাসির উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম খন্দকার, চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান ফারজানা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি আবদুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পরশুরাম বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মমিনুর রহমান প্রমুখ।