বাসচাপায় মা-মেয়েসহ তিনজনের প্রাণ গেল
সাতক্ষীরা ও গাইবান্ধায় আজ শুক্রবার বাসচাপার পৃথক ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের বাগানবাড়ি এলাকার রাশিদা বেগম (৪০), তাঁর শিশুকন্যা সুমি খাতুন (১২) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের গোগাইল গ্রামের শাহীন মিয়া (৪৫)। দুর্ঘটনায় শাহীনের শিশুপুত্র আশিক মিয়া (১০) আহত হয়।
সাতক্ষীরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সংগ্রাম পরিবহনের একটি কোচ সাতক্ষীরা-যশোর সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় এটি ছয়ঘরিয়া এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মা রাশিদা বেগম ও সুমি খাতুনকে চাপা দেয়। এতে সুমি ঘটনাস্থলে মারা যায়। আহত রাশিদাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানায়, শাহীন মিয়া তাঁর ছেলে আশিককে নিয়ে আজ দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বালুয়াহাট এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাঁদের চাপা দেয়। এতে শাহীন ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আশিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানি বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।