বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল শনিবার যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন (২০), আকবর হোসেন (১৯) ও সুমন (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে শ্রীপুরের গলদাপাড়া গ্রামের বিল্লাল হোসেন মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁর পেছনে ছিলেন আকবর ও সুমন। এ সময় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসটি তিন আরোহীসহ মোটরসাইকেলটিকে ছেঁচড়ে কিছু দূর নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিল্লাল এবং হাসপাতালে নেওয়ার পথে আকবর ও সুমন মারা যান। পরে পুলিশ বাসটি আটক করে। তবে বাসের চালক পালিয়ে যান। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।