বাসচাপায় দাদি নাতিনসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনার গোবিন্দপুর এলাকায় গতকাল মঙ্গলবার বাসচাপায় দাদি-নাতিনসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার গারোচর গ্রামের আবদুল ওহাবের স্ত্রী মাজেদা বেগম (৪৫), তাঁর নাতনি জান্নাতুল ফেরদৌস (৩) ও একই গ্রামের সুরুজ মিয়ার ছেলে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক মাসুদ মিয়া (১৮)। আহত ব্যক্তিদের মধ্যে গারোচর গ্রামের মনোয়ারা বেগম রয়েছেন। অন্য দুজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী বশির উদ্দিন জানান, বেলা সোয়া দুইটায় মাজেদা পরিবার-পরিজন নিয়ে ইজিবাইকযোগে মেয়ের বাড়ি চান্দিনার গোবিন্দপুরে বেড়াতে যাচ্ছিলেন। ইজিবাইকটি গোবিন্দপুর এলাকায় পৌঁছামাত্র ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাস এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাজেদা ও মাসুদ। আহত জান্নাতুল ফেরদৌসকে বুড়িচংয়ের ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাইওয়ে পুুলিশের ময়নামতি ক্রসিং ফাঁড়ির এসআই অমর চন্দ্র দাস বলেন, বাসটি আটক করা হয়েছে।
হবিগঞ্জে শিশু নিহত: হবিগঞ্জ প্রতিনিধি জানান, সদর উপজেলার পাইকপাড়া বটতলা এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় সাকিব মিয়া (৯) নিহত হয়েছে। সাকিব সদর উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব বেলা সাড়ে ১১টায় পাইকপাড়া বটতল এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় শায়েস্তাগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাকিব গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।