বাসচাপায় নিহত ১, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজারে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে দ্রুতগামী একটি চেয়ারকোচ একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে পলাশ চন্দ্র ঘোষ (২৬) নামের এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ঘোষ চাটখিল উপজেলার ছয়ানী ইউনিয়নের টবগা গ্রামের সুভাষ চন্দ্র ঘোষের ছেলে। এ ঘটনায় অটোরিকশার অপর যাত্রী, চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে রায়পুর থেকে ঢাকা অভিমুখী ইকোন সার্ভিস নামের একটি যাত্রীবাহী চেয়ারকোচ পেছনের দিক থেকে অটোরিকশাকে চাপা দিলে ওই দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।