বাসচাপায় পথচারীর মৃত্যু, মহাসড়ক অবরোধ

রাজবাড়ীর গোয়ালন্দে দ্রুতগামী বাসের চাপায় আবদুল কুদ্দুস (৪৪) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুল কুদ্দুস গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ার আরশাদ আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় অন্তত পাঁচটি গাড়িতে ভাঙচুর করে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকা অতিক্রম করার সময় পথচারী আবদুল কুদ্দুসকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে। সেই সঙ্গে বিক্ষুব্ধ লোকজন ঘটনাস্থলে তিনটি ছোট ব্যক্তিগত গাড়ি এবং দুটি বাস ভাঙচুর করে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানা ও গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।