বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল। গুরুতর আহত হয়েছেন আরেক পুলিশ কনস্টেবল। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের বড় উঠান ইউনিয়নের দৌলতপুর ঝুমুর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পটিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত পুলিশ কনস্টেবলের নাম রেজাউল করিম (৩৩)। তিনি খুলশী থানায় কর্মরত ছিলেন। আহত রুবেল দাশ (৩২) চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কনস্টেবল। তাঁদের দুজনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। রুবেল দাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, নিহত রেজাউল ও আহত রুবেল চট্টগ্রাম থেকে পুলিশ বিভাগের ডাক নিয়ে মোটরসাইকেল করে বাঁশখালী থানায় যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম অভিমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্য নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।