বাসচাপায় পুলিশসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় হাইওয়ে পুলিশের এক কনস্টেবলসহ তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের বিবরণ অনুযায়ী, নিহত ব্যক্তিরা হলেন—গৌরনদী হাইওয়ে থানা-পুলিশের কনস্টেবল জাহিদ হোসেন (৩৫), উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাদা শরিফ (৪৫) ও একই এলাকার ব্যবসায়ী সিরাজ হোসেন (৬০)।
আহত ব্যক্তিরা হলেন—রিকশাচালক নজরুল ইসলাম (৫০) ও নিহত শাহজাদার ছেলে রেশাদ শরিফ (১১)। দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান চৌধুরীর ভাষ্য, কে এম পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে বেনাপোল যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি এক রিকশাকে চাপা দেয়। এতে তিন চাকার যানটিতে থাকা দুই যাত্রী এবং সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এক কনস্টেবল ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া আহত হন দুজন।
পুলিশ জানায়, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর কথা। বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।