বাসচাপায় পোশাকশ্রমিক নিহত, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের জিরানি বাজার এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মালেকা আক্তার (১৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাঁরা চারটি বাসে আগুন ধরিয়ে দেন।

আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত মালেকা আক্তার ময়মনসিংহের মুক্তাগাছা থানার শিবরামপুর গ্রামের আবদুর রহমানের মেয়ে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, নিহত মালেকা রেডিয়্যাল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। আজ দুপুরের খাবার খেতে মালেকা ও তাঁর সহকর্মীরা কারখানা থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার জন্য সড়কে দাঁড়িয়েছিলেন। এ সময় ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস মালেকাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পোশাকশ্রমিকেরা কালিয়াকৈর-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা ওই বাসটিসহ ওয়েলকাম পরিবহনের চারটি বাসে আগুন ধরিয়ে দেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রায় এক ঘণ্টা পর ওই সড়কে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

এসআই আরও বলেন, মালেকার লাশ আবেদনের ভিত্তিতে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।