বাসচাপায় প্রাণ গেল মা-মেয়ের
রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মাহিনুর আক্তার (৩২) ও তাঁর মেয়ে জামিলা (৯)। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চালক মিজানুর রহমানকে (২৮) বাসসহ আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে এশিয়ান হাসপাতালের সামনে মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মাহিনুর। এ সময় তুরাগ পরিবহনের দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪-১১৬৮) মা ও মেয়েকে চাপা দেয়। স্থানীয় লোকজন বাসটি আটক করে চালক মিজানকে ধরে পিটুনি দেন। পরে পুলিশ গিয়ে বাস ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত মাহিনুর মেয়েকে নিয়ে ডিআইটি প্রজেক্টের ১১ নম্বর সড়কের ৪৬ নম্বর বাসায় থাকতেন। তাঁর স্বামীর নাম জসিম উদ্দিন। বাইরে কোথাও থেকে তাঁরা বাসায় ফিরছিলেন বলে পুলিশ ধারণা করছে। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বাস ও চালককে আটক করা হয়েছে।