বাসচাপায় বদরগঞ্জে চিকিৎসক গাইবান্ধায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসচাপায় গতকাল বুধবার রংপুরের বদরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আবদুল কুদ্দুস (৪০) নিহত হয়েছেন।

একই দিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাসের চাপায় সোহান মিয়া (৬) নামের স্কুলছাত্র নিহত হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুল কুদ্দুস বিকেল পাঁচটার দিকে বদরগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয় থেকে মোটরসাইকেলে চড়ে ট্যাক্সেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ডাড়ারপাড় এলাকায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় বাসযাত্রীরা বেঁচে গেলেও চিকিৎসক মারাত্মক আহত হন এবং তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এলাকার লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

আবদুল কুদ্দুসের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাহ উদ্দীন মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁর হাত, বুক ও মাথার হাড়গোড় ভেঙে গেছে।

এদিকে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ এ কে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গতকাল সকালে রংপুরের বিনোদনকেন্দ্র ভিন্নজগতে বনভোজনে যাওয়ার কথা ছিল। এ জন্য বিদ্যালয়ে অপেক্ষা করছিল শিক্ষার্থীরা। আর তাদের বাসটি অপেক্ষা করছিল বিদ্যালয়ের সামনের বাজারে। সকাল সাড়ে নয়টার দিকে ওই বাসের পেছনে লোহার সিঁড়িতে ঝুলে খেলছিল শিশু সোহান মিয়া। কিন্তু চালক তাকে দেখতে পাননি। বাসটি চালু করার সঙ্গে সঙ্গে সোহান সিঁড়ি থেকে ছিটকে পড়ে বাসের চাপায় গুরুতর আহত হয়। পাশের রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সোহানের মৃত্যু হয়।

সোহান মিয়া বকশিগঞ্জ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে বকশিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে পড়ত।

ঘটনার পর চালক পালিয়ে যান। বাসের চাপায় সোহানের মৃত্যুর ঘটনায় পণ্ড হয়ে যায় বনভোজন।

সোহানের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষক ও চালকের অবহেলার কারণে আমার ছেলে মারা গেছে। আপনারা আমার ছেলে এনে দেন।’

বকশিগঞ্জ এ কে উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন মিয়া বলেন, বাসচালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ কারণে বনভোজনও বাতিল করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।