বাসচাপায় বাবাসহ দুই সন্তান নিহত

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর বোর্ডঘর এলাকায় বাসচাপায় দুই সন্তানসহ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মা। আজ সোমবার রাত সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মো. সফিকুর রহমান (৩৫), তাঁর শিশু মেয়ে অঞ্জনা আক্তার (৬) ও দেড় বছরের ছেলে মো. এলাহী। এতে গুরুতর আহত হয়েছে সফিকুরের স্ত্রী (৩০)।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে একই পরিবারের চারজন ঢাকার দিকে যাচ্ছিলেন। সূত্রাপুর বোর্ড গড় এলাকায় এলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে পাশ কাটাতে গেলে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক (৩৫), তাঁর সাত বছর বয়সী মেয়ে ও দেড় বছর বয়সী ছেলে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় মাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।