বাসচাপায় মৃত্যুর বিচারও পড়ে আছে চাপা
অটোরিকশার চালক মো. ফারুক, দুই শিক্ষার্থী সাবিহা আক্তার ও খাদিজা আক্তার এবং হুমায়ুন কবীর খান। চারজনই বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। চারটি ঘটনার মধ্যে তিনটিতে বাসের চালক হাতেনাতে ধরা পড়েন। এর পরও তদন্তে ধীর গতি, দুর্ভোগের কারণে সুষ্ঠু বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন ওই চারজনের পরিবারের সদস্যরা।
বাংলাদেশে গত বছর সড়ক দুর্ঘটনায় সাড়ে আট হাজার জন নিহত হন বলে সম্প্রতি পরিসংখ্যান প্রকাশ করে যাত্রী কল্যাণ সমিতি নামের একটি সংগঠন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পরিসংখ্যানে জানানো হয়, ২০১৫ সালে রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ২২৭ জন মারা গেছেন।
সড়ক দুর্ঘটনার জন্য চালকদের অদক্ষতাকে দায়ী করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর গ্রেপ্তার হওয়া অধিকাংশ চালকেরই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে না বলে জানান তাঁরা। ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) যুগ্ম কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, যানবাহন চালকদের বেশি করে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া প্রয়োজন। তাহলে তাঁদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনার হার কমে আসবে।
গত ২২ ডিসেম্বর দুপুরে রাজধানীর উত্তরায় জসীমউদ্দীন রোডের মোড়ে অটোরিকশার চালক ফারুকের সঙ্গে তেঁতুলিয়া পরিবহনের বাসচালক আবদুল মজিদের (২৫) বাগবিতণ্ডা হয়। এ সময় ‘তুই সর। নাইলে পিষ্যা ফালামু তোরে’—এ কথা বলেই ফারুকের ওপর বাস তুলে দেন চালক মজিদ। বাসটি আধা কিলোমিটারের মতো পেরিয়ে আজমপুর বাসস্ট্যান্ডে গেলে চালক মজিদকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ফারুকের ভাই মো. হারুন একটি হত্যা মামলা করেন। ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়নি।
মো. হারুন গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘অপরাধ না কইর্যাও আমার ভাইরে বাস ড্রাইভার পিষা মারছে। পিচাশও এমন করে না। মামলার কী হইছে, জানি না। তবে মালিকপক্ষ নানাভাবে কইছে যে মজিদরে জামিনে ছাড়াইয়া আনব।’ ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া ফারুক হত্যার ঘটনায় চার্জশিট দেওয়া যাচ্ছে না বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) খগেন্দ্র চন্দ্র সরকার। তিনি বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলেই মামলাটির চার্জশিট দেওয়া হবে। আসামি মজিদ বেশ কয়েকবার জামিনের চেষ্টা করেছিলেন বলে তিনি জানান।
গত ১৬ জানুয়ারি মাত্র আট ঘণ্টার ব্যবধানে বাসচাপায় প্রাণ হারায় সাবিহা আক্তার ও খাদিজা আক্তার নামে দুই স্কুলছাত্রী। ওই দিন সকালে রাজধানীর মৎস্য ভবনের সামনে ৮ নম্বর রুটের (গাবতলী-যাত্রাবাড়ী) একটি বাসের চাপায় ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া সাবিহা মারা যায়।
সেগুনবাগিচায় রহিমা আদর্শ উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী সাবিহার মৃত্যুর ঘটনায় বাসটি আটক করা হলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাসটি থানা থেকে ছাড়িয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে মালিকপক্ষ বলে অভিযোগ করেন সাবিহার বাবা জাকির হোসেন। বিচার না পেলে উচ্চ আদালতে যাবেন বলে জানান তিনি। জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিচারের দাবিতে আমি প্রতিদিনই থানায় যোগাযোগ করছি। পলাশ নামের এক চালককে শনাক্ত করলেও তাঁকে ধরতে পারেনি পুলিশ।’
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, চালক ও তাঁর ঠিকানা জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একই দিন প্রাথমিকে জিপিএ-৫ পাওয়া খাদিজা আক্তার ঢাকায় বড় বোন ও ভগ্নিপতির সঙ্গে শিশুপার্কে বেড়াতে এসে বিকেলে শাহবাগ মোড়ে ৭ নম্বর রুটের (গাবতলী-সদরঘাট) একটি বাসের চাপায় প্রাণ হারায়। দুই জায়গার দূরত্ব মাত্র এক কিলোমিটার। খাদিজা নিহত হওয়ার পর পর ঘটনাস্থল থেকে জনতা বাসচালক শাহিন হোসেনকে (২২) ধরে পুলিশে দেয়।
খাদিজার ভগ্নিপতি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘আসলে মামলাটি নিয়ে আমরা আর মাথা ঘামাতে চাই না। মামলাও আমরা করিনি। পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করে। ঝক্কিঝামেলার কারণে এ বিষয়ে ভাবছি না।’ শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন , মামলার তদন্ত চলছে। বাস ও চালক গ্রেপ্তার আছে। দ্রুতই তদন্ত শেষ হবে।
সবশেষ গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে আলিফ পরিবহনের এক বাসচালকের সহকারী ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেন হুমায়ুন কবির খান (৪৫) নামের এক ব্যক্তিকে। তারপর সেই সহকারীর ইশারায় চালক বাসটি তুলে দেন ওই ব্যক্তির গায়ের ওপর। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। চালকের সহকারী সেলিম পালিয়ে গেলেও বাসচালক ইকবালকে ঘটনাস্থলেই আটক করে উপস্থিত লোকজন। বাস ও চালক ইকবালকে মিরপুর থানায় নিয়ে যাওয়া হয়।
তবে মামলা না করেই হুমায়ুন কবীরের লাশ নিয়ে গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার রসুলপুরে গ্রামের বাড়ি নিয়ে যান তাঁর স্বজনেরা।
হুমায়ুনের শ্যালক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের কোনো ঘটনায় জড়িত ব্যক্তিরা শাস্তি পেয়েছেন কি না, জানা নেই। মামলা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই লাশটি ওর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, চালকসহ তাঁর সহযোগী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, কেবল প্রশিক্ষণই নয়, চালকদের শিক্ষাগত যোগ্যতার দিকে নজর দিতে হবে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান উল হক কামাল প্রথম আলোকে বলেন, ‘ওস্তাদের কাছ থেকে বাস-ট্রাক নিয়ে রাস্তায় নামেন আমাদের দেশের বেশির ভাগ চালক। শিক্ষাগত যোগ্যতা না থাকায় নিজেদের ওপরই তাঁদের ধারণা নেই। পথচারীদের সম্পর্কেই বা তাঁদের কী ধারণা থাকবে! তাই প্রাতিষ্ঠানিকভাবে চালকদের প্রশিক্ষণ নিয়ে হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে। এর পরই একজন চালককে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।’
এখন অক্ষরজ্ঞান জানা থাকলে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যায়। তবে নতুন আইনে শিক্ষাগত যোগ্যতার একটা ন্যূনতম মানদণ্ড থাকলে ভবিষ্যতে সচেতন চালকের সংখ্যা বাড়বে বলে মনে করেন সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) পরিচালক (অপরারেশন) মুহাম্মদ শওকত আলী। তিনি বলেন, এই বিষয় নিয়ে আলাপ-আলোচনা চলছে। নতুন আইনে এ বিষয়টি থাকার জন্য বেশ কিছু সুপারিশ এসেছে।