বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাসের চাপায় দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই তরুণ হলেন খালেদ মিয়া (২৪) ও মুহিব মিয়া (২৫)। খালেদ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) এওলাতৈল গ্রামের মৃত আওলাদ আলীর ছেলে ও নিহত মুহিব একই ইউপির পশ্চিম ব্রাহ্মণ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তাঁরা দুজনই উপজেলা ছাত্রলীগের রাজনীতি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে উপজেলার এওলাতৈল গ্রাম থেকে গোয়ালাবাজারের দিকে যাচ্ছিলেন খালেদ মিয়া ও মুহিব মিয়া। গ্রামের সড়ক থেকে মূল সড়কে ওঠা মাত্র ঢাকা থেকে আসা সিলেটগামী বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেদ আহমদ। গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মুহিব মিয়ার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এ ঘটনায় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ওসমানী নগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্য প্রথম আলোকে বলেন, নিহত দুজনের লাশ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।