বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অপর একজন। বুধবার বিকেল চারটার দিকে উপজেলার মাদামবিবিরহাট কেএসআরএম গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই মোটরসাইকেল আরোহীর নাম মো. ফারুক হোসেন (৩৫)। তিনি উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ফৌজদারহাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া যায়নি।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল আরোহী দুজন উল্টো পথে একটি পেট্রল পাম্পে তেল নেওয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত বাসের নিচ থেকে মোটরসাইকেল আরোহী দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে।