বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে দেবীগঞ্জ-নীলফামারী সড়কের প্রধানের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর একে অপরের আত্মীয়।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারীর ডোমার উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম (৩৫) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার প্রধানপাড়া এলাকার মাছ ব্যবসায়ী জাকিরুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, রেজাউলকে নিয়ে সোনাহার প্রধানপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলে করে বের হন জাকিরুল। দেবীগঞ্জ-নীলফামারী মূল সড়কে ওঠার সময় ঢাকা থেকে দেবীগঞ্জগামী মায়ের আঁচল নামের বাসটি তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়িটি জব্দ করা হয়েছে।