বাসচাপায় শিশু ও ট্যাক্সিচালক নিহত
বাসের চাপায় গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি শিশু এবং খুলনায় ট্যাক্সিচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুটি দুর্ঘটনা ঘটেছে।কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আলিমুল হক জানান, লিংকন রায় (৩) নামের একটি শিশু গতকাল সকাল সাড়ে নটার দিকে কোটালীপাড়া-কান্দি অভ্যন্তরীণ সড়কের তারাকান্দ এলাকায় বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। এ সময় যাত্রীবাহী একটি লোকাল বাস লিংকনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। সে স্থানীয় তারাকান্দ গ্রামের স্বপন রায়ের ছেলে। সোনাডাঙ্গা থানার ওসি কামরুজ্জামান জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে খুলনা নগরের পাওয়ার হাউস মোড়ে রাস্তার পাশে বেবিট্যাক্সি রেখে চালক ইকবাল হোসেন দোকান থেকে চা পান করে ট্রাফিক আইল্যান্ডের ওপর বসে ধূমপান করছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাফিক আইল্যান্ডের ওপর উঠে যায় এবং তিনি ওই বাসের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ইকবাল যশোরের গোবিলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।