বাসচাপায় শিশু নিহত
বরিশাল-পটুয়াখালী সড়কে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বটতলা এলাকায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় মো. সিয়াম (৬) নামের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের আবদুল সোবাহান মিয়ার ছেলে।দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় তিন ঘণ্টা বরিশাল-পটুয়াখালী সড়ক অবরোধ করে রাখে।বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে সিয়াম বাবা-মায়ের সঙ্গে হেঁটে একই এলাকায় তার ফুফুর বাড়ি যাচ্ছিল। এ সময় বটতলা এলাকায় বরগুনা থেকে বরিশালগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাস ও চালকে আটক এবং গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ এলাকাবাসী ও বাস মালিক সমিতির সঙ্গে আলোচনার পর বাস ও চালককে আটকের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বাকেরগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।