বাসচাপায় শিশু নিহত সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার মোড়ে শেরপুর-ঢাকা মহাসড়কে গতকাল বুধবার দুপুরে বাসের চাপায় জরিনা আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।জরিনা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। সে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামের মো. শাহজালালের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল জরিনা। দুইটার দিকে কানাশাখোলা বাজার মোড়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জরিনা মারা যায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী শেরপুর-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী কানাশাখোলা বাজারে একটি গতিরোধক নির্মাণের দাবি জানান। খবর পেয়ে পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনাস্থলে যান। তিনি সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা করে ঘটনাস্থলে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।