বাসচাপায় শিশু নিহত সড়ক অবরোধ, অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা চালককে পিটুনি দিয়ে বাসে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকেল চারটার দিকে ঢাকা-গোপালদী সড়কের দাইরাদী এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির নাম তাওফিন। তার বয়স আড়াই বছর। সে দাইরাদী গ্রামের আবদুল হান্নানের ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে ঢাকা-গোপালদী সড়কের দাইরাদী এলাকায় ঢাকাগামী অভিলাষ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা শিশু তাওফিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এ সময় বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের জালাকান্দী এলাকায় জনতা আটক করে। লোকজন ওই বাসের চালক আবদুর রশিদকে (৫৫) পিটিয়ে জখম এবং বাসটি ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি খাদে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় জনতা রাস্তা অবরোধ করে রাখে। এতে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত আড়াইহাজার, ঢাকা, বিশনন্দী ও গোপালদী রুটে যান চলাচল থাকে।ঘটনার সত্যতা স্বীকার করে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) গিয়াসউদ্দিন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে যান চলাচল শুরু হয়েছে।