বাসচাপায় সেনা সদস্য, পিকআপ থেকে পড়ে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে বাসের চাপায় মাহফুজুর রহমান নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর ক্যান্টনমেন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহফুজ সেনাবাহিনীর ফোর্স সিগন্যাল ব্যাটালিয়নের করপোরাল পদে যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাইপাস সড়কে পিকআপের ছাদ থেকে পড়ে অমরেশ হালদার (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে মাহফুজ যশোর-ঝিনাইদহ সড়কের খয়েরতলা এলাকার বাসা থেকে বাইসাইকেল চালিয়ে ক্যান্টনমেন্টে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট এলাকার রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মাহফুজ নিহত হন।
ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর গ্রামের অমল হালদারের ছেলে অমরেশ হালদার মাটির পুতুল তৈরির কাজ করতেন। পুতুলসহ অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে সিলেটের একটি মেলায় অংশ নিতে গত সোমবার রাতে ফরিদপুর থেকে মাছবোঝাই একটি পিকআপের ওপর চড়ে রওনা করেন তিনি। পিকআপটি দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়ক দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় বাইপাসের বাঁক ঘোরামাত্র অমরেশ গাড়ি থেকে নিচে ছিটকে পড়েন।