বাসচাপায় স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গতকাল বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের চাপায় কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র রাজিবুল ইসলাম (১৪) নিহত হয়েছে।নিহত রাজিবুল ইসলাম সদর উপজেলার পূর্ব আবদালপুর গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে রাজিবুল বিদ্যালয়ে যাওয়ার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পরপরই বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ এলাকাবাসী সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ করে। তারা মধুপুর স্কুলে ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও আশপাশের ক্যাম্পের পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দীন মোল্লা বলেন, ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে রাস্তা অবরোধ করে রাখে। তাদের ছোড়া ইটের আঘাতে এক আনসার সদস্য আহত হন। যেহেতু বিশ্ববিদ্যালয়ের বাস, সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিয়ন্ত্রণেই বাস ও বাসের চালক রয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের নির্দেশমতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।