বাসচাপায় স্কুলছাত্রসহ নিহত ৩, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় গত রোববার রাতে বেপরোয়া গতিতে আসা একটি বাসের চাপায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় আরও ১৩ জন। এদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।নিহত ব্যক্তিরা হলেন মো. লাল মিয়া (৪০), মো. আল আমিন (২২) ও স্কুলছাত্র মো. আসিফ (৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকাগামী একটি পরিবহন কোম্পানির বাস বেপরোয়া গতিতে এসে গাড়ির জন্য অপেক্ষমাণ বেশ কয়েকজন ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়। এ ছাড়া গুরুতর আহত হন আসমা (৪৫), নাছিমা (২৫), ইমাম (৭৫), লিয়াকত আলী (৩২), ফরিদ মিয়া (৩৬), মনির হোসেন (১৯) ও মো. আশিক (৫)। এই সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের টঙ্গী সরকারি হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাসটি আটক করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংসদ জাহিদ আহসান হতাহত ব্যক্তিদের দেখতে টঙ্গী সরকারি হাসপাতালে যান।