বাসচালক কারাগারে স্কুলের সামনে আজ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের কেজির ছাত্র হামিম শেখকে চাপা দেওয়া বাসের চালক শামছুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে রমনা থানার পুলিশ তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করে। মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুন আবেদন মঞ্জুর করেন। রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক (এসআই) রতন শেখ আদালতকে বলেন, আসামি শামছুর রহমান বেপরোয়া গাড়ি চালানোর কারণে শিশু হামিমের মৃত্যু হয়েছে। বেপরোয়া গতি এবং ট্রাফিক আইনকানুন না মেনে গাড়ি চালানোর কারণে রাজধানীতে প্রতিদিন কোনো কোনো দুর্ঘটনা ঘটছে। প্রতিদিনই কারও না কারও জীবন কেড়ে নেওয়া হচ্ছে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখা প্রয়োজন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনের সড়কে মধুমতি পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় স্কুলের বাংলা মাধ্যমের কেজি শাখার ছাত্র হামিম শেখ (৬)। এ সময় তার মা সোনিয়া শেখও গুরুতর আহত হন। পরে পুলিশ ধাওয়া করে চালকসহ বাসটি আটক করে। এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে রমনা থানায় মামলা করা হয়।বাসচালকের বিচারের দাবিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে আজ রোববার বেলা ১১টায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা মানববন্ধন করবেন বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে।সংশোধনী: গত শুক্রবার প্রথম আলোয় ‘হামিমের স্কুলে শোক, বাড়ি ফিরেছেন মা’ শিরোনামে প্রকাশিত খবরে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল বলে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে জাতীয় পতাকা নয়, স্কুলের পতাকা অর্ধনমিত ছিল।