বাসচালক জামির তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার করা বাসচালক জামির হোসেনকে রিমান্ডে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জের বিচারিক হাকিম ইকবাল হোসেন তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জামির হোসেনকে গত রোববার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার একটি গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। সোমবার রাতে তাঁকে মানিকগঞ্জে নেওয়া হয়। গত শনিবার মানিকগঞ্জের ঘিওরে চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহন ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই চালক জামির পালিয়ে যান। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, ১০ দিনের রিমান্ড চেয়ে জামিরকে গতকাল দুপুরে আদালতে নেওয়া হয়। আদালতে জামিরের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী মাধব চন্দ্র সাহা। জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুস সালাম। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুস সালাম বলেন, এটা নিছক দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। চালকের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. আশরাফ উল ইসলাম বলেন, জামিরকে জিজ্ঞাসাবাদ করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হবে।