বাসচালককে দায়ী করলেন দুই সাক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় খ্যাতিম্যান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় করা মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যে তাঁরা দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল-মাহমুদ ফায়জুল কবীর তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শুনানি শুরু হয়। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুকুল মিয়া ও স্থানীয় বাইশটা গ্রামের ফারুক হোসেন আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যতে তাঁরা বলেন, দুর্ঘটনার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। ঢাকা-আরিচা মহাসড়কের দক্ষিণ পাশে একটি যাত্রীবাহী বাস ও উত্তর পাশে নিহতদের বহনকারী মাইক্রোবাসটি তাঁরা দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখেন। দুজন সাক্ষীই দুর্ঘটনার জন্য বাসচালককে দায়ী করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আফছারুল ইসলাম সাক্ষীদের বাসচালককে দায়ী করার বিষয়টি জানিয়েছেন।
সাক্ষ্যগ্রহণের সময় রাষ্ট্রপক্ষে আরও ছিলেন এপিপি নূরুল হুদা রুবেল এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মাধব কুণ্ডু সাহা। এ সময় বাসচালক জামির হোসেন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
গত ২৪ সেপ্টেম্বর মানিকগঞ্জের যুগ্ম দায়রা জজ-১ আদালতে সাক্ষ্য দেন নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালী আল-মামুন এবং তাঁর স্ত্রী দিলারা বেগম জলি। সাক্ষ্যতে তাঁরা দুর্ঘটনার জন্য বাসের চালক জামিরকে দায়ী করেন।
২০১১ সালের ১৩ আগস্ট কাগজের ফুল চলচ্চিত্রের শুটিং লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সহকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ মাইক্রোবাসটির পাঁচজন নিহত হন। ওই দিনই ঘিওর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বাসের চালক জামিরকে আসামি করে মামলা করেন। চলতি বছরের ৭ সেপ্টেম্বর মামলায় প্রথম দফায় সাক্ষ্য দেন তিনি। মামলায় ৩৯ জনকে সাক্ষী করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।