বাসচালককে পেটালেন অতিরিক্ত পুলিশ সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি চলাচলের জায়গা না দেওয়ায় এক বাসচালককে পিটিয়ে আহত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) শরীফুল ইসলাম। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কুমিল্লার শাসনগাছা আন্তজেলা বাস টার্মিনালে ওই ঘটনা ঘটে। এর প্রতিবাদে সড়কে বাস রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন বাসচালকেরা।
আহত চালক রফিকুল ইসলামকে নগরের রেসকোর্স এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সুগন্ধা পরিবহনের বাস চালান।
প্রত্যক্ষদর্শী ও পরিবহন নেতাদের বিবরণ অনুযায়ী, বিকেল সাড়ে চারটায় চালক রফিকুল ইসলাম কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল থেকে বাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটির উদ্দেশে রওনা হচ্ছিলেন। ওই সময় টার্মিনালের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িকে চলাচলের জায়গা না দেওয়ায় তিনি গাড়ি থেকে নেমে প্রথমে রফিকুলকে চড় দেন। পরে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যদের নিয়ে তিনি রফিকুলকে লাঠিপেটা করেন। এতে তিনি বাঁ হাতে বেশ আঘাত পান। প্রচুর রক্তক্ষরণও হয়। এ ঘটনার পরপরই ওই টার্মিনালের বাসচালক ও মালিকেরা কমপক্ষে ১০টি পথে বাস চলাচল বন্ধ করে দেন। সড়কে এলোপাতাড়ি বাস রেখে অবরোধ সৃষ্টি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ ঘটনাস্থলে গিয়ে মালিক-চালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পুনরায় বাস চলাচল শুরু হয়। আহত বাসচালক রফিকুল ইসলাম বলেন, ‘বাস টার্মিনাল থেকে বাঁ দিকে মোড় নিয়ে ডান দিকের সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই বাসটি যানজটে পড়ে। ওই সময়ে অ্যাডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) স্যার এসে আমাকে প্রথমে চড় মারেন এবং পরে লাঠিপেটা করেন। এতে আমার বাঁ হাতে জখম হয়, সারা শরীর থেঁতলে দেওয়া হয়।’ এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা শরীফুল ইসলামের মুঠোফোনে সন্ধ্যায় চারবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জানতে চাইলে কুমিল্লা জেলার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী রাত পৌনে আটটায় প্রথম আলোকে বলেন, ‘বাসচালককে অতিরিক্ত পুলিশ সুপার মারধর করেছেন বলে পরিবহন নেতা ও শ্রমিকেরা আমাকে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’