গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় গত শুক্রবার সন্ধ্যায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দোলা পরিবহনের ওই বাসের চালককে (অজ্ঞাত) আসামি করে কাশিয়ানী থানায় গতকাল শনিবার মামলাটি করে পুলিশ। কাশিয়ানী থানার ওসি বোরহান উদ্দিন জানান, চালক এখনো পলাতক। পুলিশ তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করছে।সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত বিভাগের চিকিৎসক মাহবুবুল হক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসক দেবাশীষ মল্লিক, ঢাকা মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বাড়ৈ, মাইক্রোবাসের চালক ইমরুল (৩৫) এবং সাধারণ যাত্রী আবু বক্কর ও ইছা মিয়া। গত শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজরায় গোপালগঞ্জগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।শোক প্রকাশ: সড়ক দুর্ঘটনায় একসঙ্গে তিন চিকিৎসকের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ চিকিৎসক পরিষদ। চিকিৎসক সংসদ কার্যকরী পরিষদের সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক মুশতাক হোসেন শোক প্রকাশ করে গতকাল শনিবার একটি যুক্ত বিবৃতি দিয়েছেন।