বাসদ ভেঙে একাংশ যোগ দিল বাম মোর্চায়
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তীর নেতৃত্বে নতুন বাসদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁরা বামপন্থীদের জোট গণতান্ত্রিক বাম মোর্চায় যুক্ত হওয়ারও ঘোষণা দিয়েছেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে ঐক্য, গণজাগরণ মঞ্চ নিয়ে দলীয় অবস্থান, দলের সম্পত্তি ব্যবস্থাপনা এবং বিপ্লবী রাজনীতির তাত্ত্বিক শিবদাস ঘোষকে নিয়ে মতভিন্নতার কারণে বাসদের একাংশ দল ভেঙে একই নামে রাজনীতি করার ঘোষণা দিয়েছে। মুবিনুল হায়দার চৌধুরীকে এই অংশের আহ্বায়ক করা হয়েছে।সংবাদ সম্মেলনে মুবিনুল হায়দার চৌধুরী বলেন, ‘আমরা জনগণের সমস্যা নিয়ে সর্বোচ্চ বোঝাপড়া ও সর্বনিম্ন কর্মসূচির ভিত্তিতে বাম গণতান্ত্রিক শক্তিগুলোর বৃহত্তর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পথে যাত্রা শুরু করেছি। কিন্তু সিপিবির সঙ্গে জোট-ঐক্য-সংগ্রামের নীতিতে পরিচালিত না হওয়ায় এই জোটের বর্তমান কর্মকাণ্ড বৃহত্তর বাম আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাসদের দীর্ঘদিনের অনুসৃত রাজনৈতিক ধারার সঙ্গে কিছু ক্ষেত্রে অসংগতিপূর্ণ হয়ে পড়েছে।’ তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে কনভেনশন করে দলের ভবিষ্যৎ কর্মকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এ লক্ষ্যে দুই সদস্যের একটি কনভেনশন প্রস্তুতি কমিটিও গঠিত হয়েছে। দলের ৩৩টি জেলা ইউনিটের পাশাপাশি দলের সহযোগী সংগঠন মহিলা ফোরাম ও ছাত্র ফোরামের দুই-তৃতীয়াংশ নেতা-কর্মী তাঁদের সঙ্গে আছেন বলে তিনি দাবি করেন।