বাসদের সাবেক নেতার বাড়িতে হামলার অভিযোগ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দলত্যাগী কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সরকারের বাসায় হামলার অভিযোগ করেছে তাঁর পরিবার। আব্দুল্লাহ সরকারের স্ত্রী তাহেরা বেগম গত মঙ্গলবার রাতে তেজগাঁও থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, দলীয় বিবাদের জের ধরে নিজ দলের নেতা-কর্মীরাই এ হামলা চালিয়েছেন।মামলার আসামিরা হলেন বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা মেহেদী হাসান তমাল, রাহাত আহম্মেদ, প্রণবেন্দু রায়, বিপ্লব মণ্ডল এবং শ্রমিক ফ্রন্টের নেতা ইমাম হোসেন খোকন।মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফরমান আলী জানান, ঘটনাস্থল ঘুরে এসে তেজগাঁও থানায় তাঁরা একটি মামলা নিয়েছেন। তবে প্রাথমিক তদন্তে হামলার বিষয়ে তিনি নিশ্চিত হতে পারেননি।মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্ব পরিচিত আসামি পাঁচজন গত মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে আব্দুল্লাহ সরকারের ৫৬৩, শাহীনবাগের (নাখালপাড়া) বাসায় আসেন। তাঁরা বসে কিছুক্ষণ গল্পগুজব করেন। একপর্যায়ে তাঁরা আব্দুল্লাহর ছোট মেয়ে অরুণদ্যুতি রাণীর স্বামী শিবু দাসগুপ্তকে পেটাতে শুরু করেন। তাহেরা, অরুণদ্যুতি ও বাড়ির গৃহশিক্ষক আল মামুন শিবুকে বাঁচাতে গেলে তাঁদেরও মারা হয়। এ সময় আসামিরা শিবুর এক বছর বয়সী মেয়ে অরুণিমাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে।গতকাল বুধবার অরুণদ্যুতি রাণী ও শিবু দাসগুপ্ত প্রথম আলোকে জানান, তাঁদের বাসার পাশেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা-কর্মীদের মেস। আসামিরা সেখান থেকে লাঠি এনে তাঁদের মারধর করেন। অরুণদ্যুতি ও শিবু আরও জানান, বাসদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে কয়েক দিন আগে সংগঠন ত্যাগ করেন তাহেরা বেগম। তার আগে আব্দুল্লাহ সরকারও সংগঠন ছেড়ে দেন। এসবের জের ধরেই এ হামলা বলে তারা ধারণা করছেন। এ বিষয়ে মামলার প্রধান আসামি মেহেদী হাসান তমাল বলেন, কয়েক দিন আগে শিবু দাসগুপ্ত ফেসবুকে কেন্দ্রীয় বাসদ নেতাদের কটাক্ষ করে একটি কার্টুন তোলেন। সে বিষয়ে জিজ্ঞেস করতেই তাঁরা কয়েকজন ওই বাসায় গিয়েছিলেন। সেখানে মারপিটের কোনো ঘটনা ঘটেনি।