
ঘরটি চার কক্ষের। একটি কক্ষে থাকতেন বাসনা মল্লিকের মেজ ছেলে লিটন মল্লিক, পুত্রবধূ চুমকি ও নাতি আয়ুষ। ১৩ জুন ভোরে ঘরের একটি কক্ষের ওপর ধসে পড়ে পাহাড়। এতে প্রাণ হারায় বাসনা মল্লিকের ছেলের পুরো পরিবার। পারিবারিক অ্যালবামে একসঙ্গে তিনজনের একটি ছবি রয়েছে। পরিবারের আনন্দের একটি মুহূর্তে তোলা ওই ছবি এখন বেদনার স্মৃতি। গত কয়েকটা দিন এই ছবি বুকে জড়িয়ে অনবরত কেঁদে চলেছেন বাসনা মল্লিক।
গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটি শহরের ভেদভেদী সনাতনপাড়ার বাসনা মল্লিকের বিধ্বস্ত ঘরে গিয়ে তাঁর হাতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তুলে দেন বন্ধুসভার সদস্যরা। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে গিয়ে চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা ত্রাণ তুলে দেন। গতকাল ত্রাণ পেয়েছে ২৮২ পরিবার। এ নিয়ে গত ছয় দিনে মোট ৯৮০ পরিবারকে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে।
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের শহীদ আবদুল আলী একাডেমিতে ৯৩ পরিবারকে, সনাতন পাড়ায় তিন পরিবারকে, রাঙাপানি স্বর্ণটিলা পাড়ায় তিন পরিবারকে, সাপছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পাঁচ পরিবারকে, সাপছড়ি প্রতিবন্ধী স্কুল কেন্দ্রে ১০ পরিবারকে, সাপছড়ি বধিপুর এলাকায় ১২ পরিবারকে, ওমদামিয়া হিল পৌর জুনিয়র হাইস্কুল কেন্দ্রে ৩৫ পরিবারকে, রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রে ৭২ পরিবার, মনোঘর আবাসিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ২৫ পরিবারকে এবং সড়ক ও জনপথ বিভাগের কারখানা কেন্দ্রে ২৪ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ বিতরণের সময় প্রথম আলো ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক ফেরদৌস ফয়সাল, বন্ধুসভারনির্বাহী সভাপতি হাসান মাহমুদ, চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি ফাহিম উদ্দিন, সহসভাপতি শিহাব জিসান, সাধারণ সম্পাদক জাকিয়া কবির, সদস্য জয়নাল আবেদিন, রাঙামাটি বন্ধুসভার তুফান তঞ্চংগ্যা, পূর্ণা চাকমা, অনন্ত চাকমা, টুটুমণি চাকমাসহ ২০ বন্ধু উপস্থিত ছিলেন।
ত্রাণের মধ্যে ছিল দুই কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক কেজি চিনি, ১০ প্যাকেট ওরস্যালাইন, ২৫০ গ্রাম গুঁড়ো দুধ, একটি শাড়ি, একটি লুঙ্গি, একটি মাদুর, এক প্যাকেট বিস্কুট, থালাবাসন, চামচ, হাঁড়িপাতিল ও দুই লিটার বিশুদ্ধ পানি।
আজও রাঙামাটির বিভিন্ন এলাকায় প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন বন্ধুসভার বন্ধুরা।
এদিকে গতকাল প্রথম আলো ট্রাস্টের ব্যাংক হিসাবে জমা পড়েছে ২৬ হাজার টাকা। রাঙামাটির দুর্গত মানুষকে সহায়তার জন্য সালমা খান দিয়েছেন ১৫ হাজার টাকা, শারমিন জামান দিয়েছেন ১০ হাজার টাকা এবং খোদেজা আখতার দিয়েছেন ১ হাজার টাকা। এ পর্যন্ত জমা পড়েছে ৭ লাখ ৬০ হাজার টাকা।