বাসনার ‘বই একাডেমি’
বাসনা দাশ। জীবনসংগ্রামে হার না মানা অদম্য এক মানুষের নাম। জীবন যে মূলত একটি অন্তহীন সংগ্রাম, তা আগে কখনো বোঝেননি তিনি। ২০২০ সালে স্বামী মারা যাওয়ার পর বুঝেছেন। তখন হঠাৎ যেন গভীর খাদে পড়ে যান তিনি। সেই খাদ থেকে নিজেকে তুলে এনেছেন দৃঢ় প্রত্যয়ে। এখন তিনি শুধু নিতান্ত এক গৃহিণী নন, তিনি একজন ব্যস্ত ব্যবসায়ী।
বাসনার স্বামীর নাম বিকাশ চন্দ্র দাশ। তিনি ছিলেন সংবাদপত্র এজেন্ট ও বই বিক্রেতা। দুই যুগের বেশি সময় ধরে এই ব্যবসা চালাচ্ছিলেন তিনি। স্বামীর এই ছোটখাটো ব্যবসায় তাঁদের দিন কাটছিল ভালোই। ছোট্ট সংসারে এক কন্যা, এক পুত্র। সুখের এই ছোট্ট নীড়ে হঠাৎ যেন বজ্রপাত হলো। ২০২০ সালের ২৯ জুলাই স্বামী মারা গেলেন স্ট্রোক করে। চোখেমুখে অন্ধকার দেখলেন। এই সংসারের হাল ধরবে কে? ছেলে নিলয় দাশ এখনো স্কুলের গণ্ডি পেরোয়নি। তিনি ভাবলেন, ঘরে বসে হা–হুতাশ করলে কেউ খেতে দেবে না। সংসারের হাল ছাড়লে চলবে না। খেয়ে–পরে বাঁচতে হবে। ছেলেমেয়েদের মানুষ করতে হবে। তাই সিদ্ধান্ত নিলেন রাঙামাটি শহরের বনরূপায় ‘বই একাডেমি’ নামে স্বামীর প্রতিষ্ঠানটি তিনিই চালাবেন।
এখন দিনরাত খাটছেন। কষ্ট হচ্ছে, কিন্তু কারও কাছে হাত তো পাততে হচ্ছে না। প্রতিদিন ঘুম থেকে উঠেই শুরু হয় তাঁর প্রতিদিনের সংগ্রাম। প্রথমে রান্নাবান্নার কাজ সারেন। সকাল আটটার আগেই কাজে যেতে হয়। এখানে থাকেন রাত নয়টা অবধি। রাতে বাড়ি ফিরে আবার রান্নাবান্না। এ রকম বিরতিহীন একটি রুটিনের মধ্যে চলছে বাসনার জীবন। নিজের ব্যস্ততা নিয়ে বাসনা বলেন, ‘ভালোই কাটছে। দিন হুট করে ফুরিয়ে যায়, বুঝতেই পারছি না। স্বামীর গড়া প্রতিষ্ঠানে কাজ করছি, তাই তিনি সব সময় অন্তরে থাকেন।’ তিনি বলেন, ‘আমাদের ব্যবসার প্রধান ভরসা প্রথম আলো। এই অঞ্চলে প্রথম আলোর প্রতি মানুষের অসম্ভব আস্থা। বেশির ভাগ পত্রিকা পাঠক এখানে প্রথম আলো ছাড়া আর কিছু বোঝেনই না।’
এরই মধ্যে বড় একটা কাজ সেরে ফেলেছেন বাসনা। মেয়ের বিয়ে দিয়েছেন বছরখানেক হলো। ছেলে এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। ঘরে এখন বাসনা একা। এই একা ঘরে দূরে থাকা পুত্র-কন্যা আর চিরতরে দূরে চলে যাওয়া স্বামীর কথা মনে পড়ে তাঁর। মনে পড়ে, কিন্তু কাতর করে না। কেননা এই সংগ্রাম তাঁকে আরও কিছুকাল চালিয়ে যেতে হবে।
ওমর কায়সার: বার্তা সম্পাদক, চট্টগ্রাম, প্রথম আলো